ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাগরপুরে ভীমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে ভীমরুলের কামড়ে চান মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ভীমরুলের আক্রমণের শিকার হওয়ার পর তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।-(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

নিহত চান মিয়া উপজেলার মামুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে চান মিয়া নিজ বাড়ির একটি তালগাছে উঠে গাছ পরিষ্কার করছিলেন। এ সময় গাছে থাকা ভীমরুলের চাক থেকে একঝাঁক ভীমরুল তাকে আক্রমণ করে। এতে শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার হুল ফোটায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত গাছ থেকে নেমে আসেন তিনি।

এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি মারা যান।

তবে নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর চান মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলেও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি উন্নত চিকিৎসার জন্য সময়মতো অন্যত্র নেওয়ার পরামর্শও দেওয়া হয়নি বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে চান মিয়ার জীবন রক্ষা করা সম্ভব হতে পারত।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত মাহবুব বলেন, “চান মিয়া বিকেল ৫টার দিকে হঠাৎ শকে চলে যান। তাকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।”

তবে পরিবারের পক্ষ থেকে ওঠা চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।