আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন জলাবদ্ধ খালে নোংরা-আবর্জনা ফেলায় পানি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। দূষিত পরিবেশের কারণে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, খালের দুই পাশে বসবাসরত অনেক বাসিন্দা বাড়ির নোংরা-আবর্জনা খালে ফেলছেন। পাশাপাশি গরুর খামার থেকে পশুর মলমূত্র, পোলট্রি খামার থেকে মরা মুরগি ও বিভিন্ন ধরনের বর্জ্যও খালের পানিতে ফেলা হচ্ছে। ফলে খালের পানি দীর্ঘদিন ধরে জমে থেকে পচে যাচ্ছে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
খালের পাশের সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের অনেককেই দুর্গন্ধযুক্ত বাতাস থেকে রক্ষা পেতে নাক-মুখে রুমাল বা কাপড় ব্যবহার করতে দেখা যায়।
ভুক্তভোগীরা জানান, খালের বিভিন্ন স্থানে মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক স্রোত নেই। ফলে পানি দীর্ঘদিন আটকে থাকছে। এর সঙ্গে খালের পাশে বসবাসকারীদের অসচেতনভাবে বর্জ্য ফেলার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন ধরে এভাবে খালে বর্জ্য ফেলা ও পানি জমে থাকলে দুর্গন্ধের পাশাপাশি পরিবেশ দূষণ বাড়বে। এতে জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং খালে বর্জ্য ফেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

