মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণ না করে উপকারভোগীদের নামের পাশে ভুয়া টিপসই দেওয়ার অভিযোগে আব্দুর রশিদ (৫৩) নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া বাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আব্দুর রশিদ উপজেলার আগবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি সোনারায় ইউনিয়ন বিএনপির নেতা এবং খাদ্যবান্ধব কর্মসূচির নিবন্ধিত ডিলার।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাবতলী উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। নিয়ম অনুযায়ী, বরাদ্দের পুরো চাল ডিলার পয়েন্টে পৌঁছানোর পর একযোগে তা বিতরণ করার কথা।
তবে আব্দুর রশিদের নামে বরাদ্দ করা ৭০৭ বস্তা চালের মধ্যে ৪০০ বস্তা পৌঁছানোর পরও তিনি তা বিতরণ শুরু করেননি। এর মধ্যে দুই বস্তা চাল বিক্রি করে দেন এবং উপকারভোগীদের চাল না দিয়েই মাস্টাররোলে অগ্রিম ভুয়া টিপসই সংগ্রহ করে রাখেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে পুলিশ বেলা ১১টার দিকে সাবেকপাড়া বাজারের ডিলার পয়েন্টে অভিযান চালায়। এ সময় ১৫১ জন উপকারভোগীর অগ্রিম ভুয়া টিপসই নেওয়ার বিষয়টি ধরা পড়ে।
এ সময় উপকারভোগী জসিম উদ্দিনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান, প্রত্যেকের ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও কেউ চাল পাননি এবং তারা কোনো কাগজে টিপসইও দেননি।
অভিযানকালে ডিলার পয়েন্ট থেকে ৪০০ বস্তার মধ্যে ৩৯৮ বস্তা চাল উদ্ধার করা হয়। বাকি দুই বস্তা চাল আগেই বিক্রি করে দেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, অভিযানের সময় আব্দুর রশিদ স্বীকার করেন, যেসব উপকারভোগী চাল নেবেন না, তাদের চাল নিজে কিনে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তার। পাশাপাশি বরাদ্দের বাকি ৩০৭ বস্তা চালও অন্যত্র বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, চাল বিতরণ না করে উপকারভোগীদের কাছ থেকে অগ্রিম জাল টিপসই নেওয়ার অভিযোগে ডিলার আব্দুর রশিদকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। উদ্ধার করা চাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ভুয়া মাস্টাররোল তৈরি করে চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার আব্দুর রশিদকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

