আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মনিপাড়ায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
চলতি বছর বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় মনিপাড়ার প্রায় ৬০টি পরিবারের ৪০০ জন বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। অনেকের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক বসবাস ব্যাহত হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাটে চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জ্বর, ঠান্ডা ও চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত ও পানিসংশ্লিষ্ট রোগের ঝুঁকি বাড়ছে। এ ছাড়া জমে থাকা পানির কারণে মশার উপদ্রবও বৃদ্ধি পেয়েছে।
এ পরিস্থিতিতে মনিপাড়ার বাসিন্দারা স্থানীয় বিএনপি নেতাদের বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্যকে সমস্যার কথা জানানো হয়।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টার দিকে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ মনিপাড়ার জলাবদ্ধতাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, প্রচার সম্পাদক শফিউল ইসলাম খান আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম রজিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাহাদুল ইসলাম রিপন ভূঁইয়া, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি শুভ, বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শেখ মো. রতন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল শিকদার এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিব ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে, মনিপাড়া পরিদর্শনের পাশাপাশি সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ কামারগাঁও ও বাঘড়ার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

