ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ছয় মাসে অতিরিক্ত আদায়ের অভিযোগ ৭ লাখ, জরিমানা ৫ হাজার!

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মো. সালাউদ্দীন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পশুর হাটে সরকার নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত ছয় মাসে ছাগলপ্রতি অতিরিক্ত ১০০ টাকা করে আদায়ের মাধ্যমে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা নেওয়া হয়েছে। এ নিয়ে প্রশাসন অভিযান চালালেও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে তাৎক্ষণিক কোনো জরিমানা করা হয়নি। বরং হাটে টোলের নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ইজারাদারের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালীগঞ্জ পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ছাগলপ্রতি নির্ধারিত ১৫০ টাকা করেই টোল আদায় করতে দেখা যায়। এ সময় হাটে টোলের নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় ইজারাদারের প্রতিনিধি এরশাদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ২৭ অক্টোবর কালীগঞ্জ হাটে ছাগলপ্রতি সরকারি নির্ধারিত ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা আদায়ের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। একই সঙ্গে বিক্রেতাদের কাছ থেকে ২০ টাকা করে অতিরিক্ত ‘চাঁদা’ আদায়ের অভিযোগও ওঠে।

হাট সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি হাটে গড়ে ১০০ থেকে ১৫০টি ছাগল কেনাবেচা হয়। সপ্তাহে দুই দিন হাট বসায় মাসে আটটি হাটে মোট ৮০০ থেকে ১ হাজার ২০০টি ছাগল কেনাবেচা হয়। সে হিসাবে ছাগলপ্রতি ১০০ টাকা অতিরিক্ত আদায় করা হলে মাসে আদায়ের পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা। ছয় মাসে এ পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার থেকে ৭ লাখ ২০ হাজার টাকা।

এমনকি প্রতি হাটে গড়ে ১০০টি ছাগল বিক্রির হিসাব ধরলেও ছয় মাসে অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। তবে এ হিসাব হাট সংশ্লিষ্টদের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে করা আনুমানিক হিসাব; প্রকৃত আদায়ের পরিমাণ যাচাই করা প্রয়োজন।

অন্যদিকে, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের বিপরীতে ভ্রাম্যমাণ আদালতে মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তাঁদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ থাকলেও এর প্রকৃত তদন্ত ও প্রতিকার হবে কি না।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া বলেন, “আমরা হাটে যাওয়ার পর অনেকে অভিযোগ করেন, নির্ধারিত হারের চেয়ে বেশি টোল নেওয়া হয়। তবে আমরা সেখানে থাকা অবস্থায় ছাগলপ্রতি ১৫০ টাকা করেই টোল আদায় করা হয়েছে। হাটে টোলের নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় ইজারাদারের প্রতিনিধি এরশাদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তবে স্থানীয় সূত্রের দাবি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে প্রশাসনের লোকজন চলে যাওয়ার কিছুক্ষণ পর আবারও ছাগলপ্রতি ২৫০ টাকা হারে টোল আদায় শুরু করেন ইজারাদারের প্রতিনিধি। এ অভিযোগের বিষয়ে ইজারাদারপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা প্রয়োজন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, “যেহেতু আজ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে, সেহেতু আগামীকাল হাটের ইজারাদারকে নোটিশ দেওয়া হবে। তাঁদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে। তাঁরা যদি পুনরায় একই অপরাধ করেন, তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ১৪৩৩ বাংলা সনে আয়কর ও ভ্যাটসহ ৩১ লাখ ২৫ হাজার টাকায় কালীগঞ্জ হাট ইজারা দেওয়া হয়। হাটটির ইজারা পান তৎকালীন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী। গত ২ অক্টোবর তাঁর মৃত্যু হলে বর্তমানে তাঁর জামাতা এরশাদ হাটটি পরিচালনা করছেন।