ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

Link Copied!

মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি:

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে হৃদয়স্পর্শী ও মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমরান হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তারা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচিত নেতৃবৃন্দ এবং উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেন, “যাঁরা তাঁদের জীবনের সোনালি সময়, মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে প্রাথমিক শিক্ষাকে সমৃদ্ধ করেছেন এবং অসংখ্য শিক্ষার্থীর জীবনে জ্ঞানের আলো জ্বেলেছেন, তাঁদের বিদায় আসলে বিদায় নয়। এটি তাঁদের দীর্ঘ কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর এক মহৎ আয়োজন। আমরা তাঁদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি।”

অনুষ্ঠানে মোট ২০ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৩ জন প্রধান শিক্ষক এবং ৭ জন সহকারী শিক্ষক।

এ ছাড়া উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা অর্জন করায় পশ্চিম আংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও পৃথকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া ভাস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসুস্থ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলমকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

Share with