রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের মাত্র ১০ মিনিটের মাথায় মনি দাশ গুপ্ত (১৮) নামে এক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মনি দাশ গুপ্ত ওই এলাকার সবজি বিক্রেতা মৃদুল দাশ গুপ্তের মেয়ে এবং স্থানীয় গশ্চি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ফলাফল প্রকাশের পর মনি জানতে পারে, সে এবারও উত্তীর্ণ হতে পারেনি। ফলাফলের বিষয়টি জানার পরপরই সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
মনির মা রেবা দাশ গুপ্ত কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফলাফলের কথা শোনার পরপরই মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রেজাল্ট শুনেই ও স্ট্রোক করেছে। পরে আমরা দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তবে ফলাফলে হতাশ হয়ে মনি আত্মহত্যা করে থাকতে পারে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। যদিও পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার বিষয়ে কোনো দাবি বা অভিযোগ করা হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন। গতবার অকৃতকার্য হওয়ার পর এবার তিনি শুধু গণিত ও ইংরেজি—এই দুই বিষয়ে পুনরায় পরীক্ষা দেন।
গশ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরু নবী জানান, “মনি অনিয়মিত শিক্ষার্থী হিসেবে এবার দুটি বিষয়ে পরীক্ষা দিয়েছিল। গণিতে পাস করলেও দুর্ভাগ্যবশত সে ইংরেজিতে উত্তীর্ণ হতে পারেনি।”
এ বিষয়ে জানতে চাইলে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর জামান বলেন, “এ ধরনের কোনো মর্মান্তিক ঘটনার খবর আমাদের কাছে এখনো আসেনি।”
সবজি বিক্রেতা বাবার অভাবের সংসারে মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

