মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশ যাওয়ার স্বপ্ন অন্যায় নয়, তবে অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়া অন্যায়। সাধারণ যুবকদের বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈধ পথে বিদেশ গিয়ে কোনো সমস্যায় পড়লে সরকার তাদের পাশে থাকবে। কিন্তু অবৈধ পথে বিদেশ গিয়ে সমস্যায় পড়লে রাষ্ট্রের পক্ষে পাশে দাঁড়ানো কঠিন।
তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। দালালের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।
সুনামগঞ্জের তিনটি উপজেলার আট যুবক সম্প্রতি অবৈধ পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার সময় নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা কোনোভাবেই কাম্য নয়। তিনি যুবকদের দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশ না যাওয়ার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের আলোচনা হয়েছে এবং এসব দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। ফলে বৈধ ও নিরাপদ প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে তিনি সভায় উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট শেরেনুর আলীসহ সংশ্লিষ্টরা।
সভায় নিরাপদ অভিবাসন, বৈধ পথে বিদেশে কর্মসংস্থান, দালালচক্রের প্রতারণা এবং অবৈধভাবে বিদেশ যাওয়ার ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে সন্ধ্যায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।

