ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ

জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!



আফলাম মাহমুদ রাসেল, ভোলা প্রতিনিধি:

দ্বীপ জেলা ভোলার শিবপুর ইউনিয়নের ‘ভোলার খাল’ এলাকায় জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। বুধবার (২৬ আগস্ট) সংগঠনটির উদ্যোগে দেড় শতাধিক জেলের জীবন-জীবিকা, অধিকার, নিরাপত্তা ও নানা সমস্যা নিয়ে স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলেদের জীবন শুধু নদীর ঢেউ ও সংগ্রামের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ ঐতিহ্য। নদী ও প্রকৃতির ওপর নির্ভরশীল এসব মানুষের অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।

এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, দপ্তর সম্পাদক মো. ফয়েজ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাসেল, মো. আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, “দ্বীপ জেলা ভোলা প্রতি বছর নদীভাঙনের কারণে একটু একটু করে হারাচ্ছে জমি, স্বপ্ন ও ঠিকানা। এই দ্বীপে প্রায় ২২ লাখ মানুষের বসবাস। তাদের একটি বড় অংশ মাছ ধরা, গবাদিপশু পালনসহ প্রকৃতিনির্ভর বিভিন্ন জীবিকার ওপর নির্ভরশীল।”

তিনি বলেন, “ভোলার অনেক প্রত্যন্ত এলাকায় এখনো শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা পর্যাপ্তভাবে পৌঁছায়নি। ফলে বাজার, চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনেও অনেক ক্ষেত্রে মূল ভূখণ্ডের ওপর নির্ভর করতে হয়।”

নেওয়াজ শরীফ আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে নির্মমভাবে অনুভব করছেন উপকূল ও দ্বীপাঞ্চলের মানুষ। ভোলার জেলেদের জীবন-জীবিকার সংকট, নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন ও প্রত্যাশার কথা সরাসরি তাদের মুখ থেকেই শুনতে চায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কণ্ঠস্বর সমাজের বৃহত্তর পরিসরে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভোলার উপকূলীয় ও নদীনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের অধিকার ও প্রয়োজনীয়তাগুলো তুলে ধরতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।