ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে একদিনে কুকুরের কামড়ে আহত ২০

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে একদিনে প্রায় ২০ জনকে কুকুর কামড়ে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বেনাপোল পৌরসভার আমড়াখালী ও কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—আমড়াখালী গ্রামের সেলিম রেজার ছেলে সোহান হোসেন (২৯), আকবার আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), মোরশেদ আলী (৫০), মহিউদ্দিন (৫৫), আবুল খায়েরের ছেলে কবির হোসেন (৩৫), আমির হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৩৫), সিরাজের স্ত্রী বাছিরুন নেছা (৪৫) এবং কাগমারী গ্রামের আরোয়া হোসেনের স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫)সহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একদল কুকুর সংঘবদ্ধভাবে আমড়াখালীর রেললাইন পার হয়ে গ্রামে ঢুকে পড়ে। এরপর তারা হঠাৎ করে পথচারী ও স্থানীয়দের ওপর আক্রমণ চালাতে শুরু করে। প্রায় এক ঘণ্টার মধ্যে কুকুরগুলো প্রায় ২০ জনকে কামড়ে আহত করে। গুরুতর আহত ৮ জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আমড়াখালী গ্রামের আতিয়ার রহমান বলেন, একটি সংঘবদ্ধ কুকুরদল আমড়াখালী ও কাগমারী গ্রামের প্রায় ২০ জনকে কামড়ে আহত করেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুকুরের ভয়ে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। এমনকি অনেক অভিভাবক শিশুদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগী ও গ্রামবাসী কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, কুকুরের কামড় অত্যন্ত বিপজ্জনক। আক্রান্ত প্রাণী বা মানুষ জলাতঙ্কে আক্রান্ত হলে এর পরিণতি মারাত্মক হতে পারে। বাড়িতে পোষা কুকুর থাকলে নিয়ম অনুযায়ী জলাতঙ্কের টিকা দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে কুকুরের প্রজনন মৌসুম হওয়ায় সতর্ক থাকা প্রয়োজন। কোনো কুকুর কামড়ালে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা নিতে হবে।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ জানান, শুক্রবার কুকুরের কামড়ে আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি বলেন, কুকুরে কামড়ানোর পর দেরি না করে ক্ষতস্থান পরিষ্কার পানি ও সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুতে হবে এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্কের টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সরকারি ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।