কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী থেকে নেছারাবাদ, বানারীপাড়া ও গরিয়ারপাড় হয়ে রাজধানী ঢাকায় যাওয়ার অন্যতম সংক্ষিপ্ত ও ব্যস্ততম সড়কে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভবন। কাউখালী বেইলি ব্রিজ সংলগ্ন সড়ক ঘেঁষে অবস্থিত ভবনটির কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক আব্দুল হক। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটির ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশ ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের একটি অংশ সরাসরি সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে প্রসারিত হওয়ায় ওই স্থানে সড়কটি সংকুচিত হয়ে গেছে।
স্থানীয়রা জানান, ঢাকা, পিরোজপুর, খুলনা ও বরিশালগামী যাত্রীবাহী ও ভারী যানবাহন বেইলি ব্রিজ অতিক্রম করে ওই অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দেখতে পায় না। ফলে সেখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী একাধিকবার ভবনটি অপসারণের জন্য মালিক আব্দুল হককে অনুরোধ করেছেন। তবে এখনো ভবনটি অপসারণ করা হয়নি। এ অবস্থায় ভবনটি অপসারণে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
একজন স্থানীয় বাসচালক বলেন, “বেইলি ব্রিজ পার হওয়ার পর মোড় ঘেঁষে পুরোনো ভবনটি থাকায় বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখতে অসুবিধা হয়। বেশ কয়েকবার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। দ্রুত ভবনটি সরিয়ে না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে।”
ভবনের মালিক আব্দুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাঁর এক আত্মীয়ের মাধ্যমে জানা গেছে, ভবনটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
সড়কে চলাচলকারী হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং যান চলাচল নির্বিঘ্ন করতে ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাহী কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন কাউখালীবাসী।

