আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যবাঘড়া এলাকায় অবস্থিত আব্দুস সালাম খান কবরস্থান থেকে সম্প্রতি প্রায় ৩০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে।
কবরস্থান পরিচালনা পরিষদের সদস্য মো. নজরুল ইসলাম খান জানান, শ্রীনগর উপজেলার মধ্যবাঘড়া আব্দুস সালাম খান কবরস্থানটি উপজেলার অন্যতম বৃহৎ কবরস্থান। ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে কবরস্থানটি পরিচালিত হয়ে আসছে। এখানে শত শত মরদেহ দাফন করা হয়েছে।
তিনি বলেন, দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো সময় এ কবরস্থানে মরদেহ দাফনের সুব্যবস্থা রয়েছে। বিশেষ করে রাতের বেলায় মরদেহ দাফনের সময় মৃত ব্যক্তির পরিবার-পরিজন ও মুসল্লিদের যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য কবরস্থানের চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে সেই বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।
দুঃখ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, “কবরস্থান মানুষের শেষ ঠিকানা। যেখানে প্রবেশ করলে মানুষের হৃদয়ে মৃত্যুর ভয় ও আত্মসমালোচনার অনুভূতি জাগ্রত হওয়ার কথা, সেখানে চোরের দল রাতের আঁধারে কীভাবে বৈদ্যুতিক তার চুরি করল, তা অত্যন্ত দুঃখজনক।”
তিনি কবরস্থানটির সার্বিক নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। কবরস্থান পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ আব্দুল মালেক মাদবরও এ বিষয়ে তার সঙ্গে সহমত পোষণ করেন।
এ ব্যাপারে বাঘড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী গণেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

