স. ম. জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদ।
২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাঁশখালীর খদুলপাড়া দায়রা শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ত্রাণ) এবং ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মাইজভাণ্ডারী তরিকতের মূল শিক্ষা হলো মানবসেবা ও সৃষ্টিজীবের কল্যাণ সাধন। যেকোনো দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব। বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া)-এর এ সাহায্য-সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, বাঁশখালী উপজেলার মুহাম্মদ ফারুক, মাওলানা নুরুল হক, নুরুল ইসলাম, নেছার আহমদ, রফিক উদ্দীন প্রমুখ।
এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দরবারের খাদেমবৃন্দ এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) বাঁশখালী উপজেলা ও বিভিন্ন শাখা সংসদের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং বন্যাদুর্গত মানুষের উত্তরোত্তর উন্নতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

