ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জি। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় স্থানীয় শ্রীপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাহিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তাহিরপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা মো. উস্তার আলী আখঞ্জি জীবদ্দশায় নিজ গ্রামের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশা শুরু করেন। পরে নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এই আদর্শবান শিক্ষকের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের বড় ছেলে সাংবাদিক শামসুল আলম আখঞ্জি টিটু জানান, বেশ কিছুদিন ধরে তাঁর বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী আখঞ্জি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম (সুবল), সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, পরিবেশবাদী সংগঠন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক-গীতিকবি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক রুকন মিয়া, সাংবাদিক সৈকত আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী আখঞ্জি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”