মো. ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ফুফুর বাড়িতে দাদির সঙ্গে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মো. সিফাত (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইউছুফদিয়া উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত ঢাকার মোহাম্মদপুর থানার শংকর এলাকার বাসিন্দা ইমরানের ছেলে। গত ২৩ আগস্ট দাদির সঙ্গে সালথা উপজেলার ইউছুফদিয়া উত্তরপাড়ায় ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল সে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সিফাত অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় নুরুল ইসলামের বাড়ির পাশে একটি ডোবা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে দ্রুত সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

