জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা ফুটবল একাডেমির উদ্যোগে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে হিংগুলা হাসানিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় দিদারুল হক দিদার। হিংগুলা ফুটবল একাডেমি কমিটির সভাপতি ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।
তিনি বলেন, “এ ধরনের খেলা আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে মাঠমুখী করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তাই এ ধরনের আয়োজন সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।”
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়নামিক ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, হিংগুলা হাসানিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী আশরাফ মোল্লা, প্রধান শিক্ষক আলী হোসেন, কনকাপৈত ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবিএম নুর আলম ভূঁইয়া, অস্ট্রিয়াপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মহিবুল আলম (টুটুল), কনকাপৈত ইব্রাহিম মুন্সি ফাউন্ডেশনের অন্যতম সদস্য মো. সৈয়দ নাজমুল হক রিয়াদ, বিএনপি নেতা গাজী কবির, হিংগুলা গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক শাহ মোহাম্মদ বেলাল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আবু তাহের ছুটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন গ্রামের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধারাভাষ্য প্রদান করেন রফিকুল ইসলাম ফারুক।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন গ্রামের শত শত দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
আয়োজক কমিটির সদস্য মিটু জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

