এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে তারুণ্যকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এক বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর মডেল থানার আয়োজনে মৈশাদী বাজারে এ কর্মসূচি পালিত হয়।
শনিবার ২৯ আগস্ট বিকেলে এ মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, “মাদক একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। এটি যেমন একজন ব্যক্তির জীবন কেড়ে নেয়, তেমনি একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই যুবসমাজকে বাঁচাতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করতে হবে।”
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচেতনতা তৈরির মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, জেলা বিএনপির সদস্য খান আব্দুর ছাত্তার, জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার এবং মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে মৈশাদী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

