আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকার প্রবাসীদের উদ্যোগে ‘তন্তর প্রবাসী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে চিকিৎসা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে মোট ১ লাখ ১০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সংগঠনটির নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় তন্তর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে তন্তর গ্রামের মো. দেলোয়ার হোসেন বাবুর ছেলের কানের অস্ত্রোপচারের জন্য ৩০ হাজার টাকা, ক্যান্সারে আক্রান্ত আব্দুল মজিদ শেখকে ৩০ হাজার টাকা এবং সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক প্রবাসীকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি ও জাপানপ্রবাসী মো. দেলোয়ার হোসেনের পিতা মো. জালাল উদ্দিন শেখের সভাপতিত্বে এবং আব্দুল আল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আব্দুল কাদের শেখ, আনোয়ারুল হক, আব্দুর রাজ্জাক সরদার, আনোয়ার হোসেন, মো. মনির হোসেন, মো. রতন শেখ, জামাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সকল সদস্য তাদের মানবিক কার্যক্রম আরও জোরদারভাবে এগিয়ে নিতে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানের শেষে দেশ, সমাজ ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

