আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দিন দিন বেড়ে চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলবেঁধে কুকুরের চলাচলে আতঙ্কে রয়েছেন পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সড়ক ও রাস্তার মোড়ে কুকুরের দল অবস্থান করে। পথচারী দেখলেই অনেক সময় তারা ঘেউ ঘেউ করে তেড়ে আসে। এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে চলাচল করছেন।
বিশেষ করে সকালে বিদ্যালয়গামী ছোট শিশু-কিশোর ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। কুকুরের ভয়ে অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে এবং অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করছেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


