ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ

চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান; ইয়াবাসহ গ্রেফতার-১

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!



ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবাসহ মো.সেলিম বেপারী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। শনিবার (২২শে আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চরসুলতানপুর এলাকার ফকির ডাঙ্গী জামে মসজিদের সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সেলিম বেপারী ফরিদপুরের কোতয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের (গজারিয়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সামছুদ্দিন বেপারী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে চরভদ্রাসন থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পালন করছিলেন পুলিশ সদস্যরা। রাত ৯টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, চরভদ্রাসন থানার চরসুলতানপুর এলাকার ফকির ডাঙ্গী জামে মসজিদের সামনে ইটের সলিং রাস্তার ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে বিক্রি করছেন।

সংবাদটি তাৎক্ষণিকভাবে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়। পরে এস.আই গোলাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক সেলিম বেপারি তার পরিহিত প্যান্টের পকেট থেকে রাখা ১৩ পিস কথিত ইয়াবা ট্যাবলেট স্বেচ্ছায় বের করে দেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর-১০।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার এস.আই গোলাম হোসেন জানান আইনি প্রক্রিয়া শেষে রবিবার ২৩শে আগস্ট গ্রেপ্তার সেলিম বেপারিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে ও থাকবে, মাদকের সাথে জড়িত সে যেই হোক, তাকে আমরা আইনের আওতায় আনবো, মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।