ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফ-উখিয়া সীমান্তে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ৪

অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় গাড়িটির পেছনে সিট কাভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাইফুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাসিন্দা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন রাত ১২টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সন্দেহজনক চলাফেরার কারণে তিনজনকে চ্যালেঞ্জ করে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। বিজিবির ভাষ্য অনুযায়ী, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি খাল থেকে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে মোট ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে টেকনাফ ও উখিয়া এলাকায় অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালান-সংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।