নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক সম্পদহানি ও শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মুহতারাম আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় তিনি এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর উল্লেখ করেন, গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরি ও অফিসকক্ষের কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন আহত শিক্ষার্থীদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁদের পরিবার-পরিজনকে এ কঠিন পরিস্থিতি মোকাবিলার শক্তি ও ধৈর্য দান করেন।
একই সঙ্গে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটির অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানেরও জোর দাবি জানান পীর সাহেব মধুপুর।

