মো. ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় ৮৯ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে শাওন এবং একই গ্রামের আজিজুল ইসলাম ওরফে আকাশ।
পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ। এ সময় এএসআই জাহাঙ্গীরসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগরকান্দা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

