সোহরাব হোসেন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো. আবুল কালাম আজাদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিণাকুণ্ডু থানাধীন পোড়াহাটি চরপাড়া পুলিশ ক্যাম্পের সামনে নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন এসআই মুকুল রঞ্জন জ্যোতি ও তাঁর সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই আরোহী দ্রুত পালানোর চেষ্টা করেন।
পুলিশ ধাওয়া করে আবুল কালাম আজাদকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হলেও অপর আরোহী কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি নীল রঙের প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের কাশেম মন্ডলের ছেলে।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ঘটনায় পলাতক অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

