নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় নগরীর অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ কমিশনার মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ সব ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নির্দেশ দেন।
এ সময় রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের জন্য কার্যকর ও সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নেও কঠোর নির্দেশনা দেন সিএমপি কমিশনার। তিনি ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মতিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার। পাশাপাশি জুন ২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএমসহ সিএমপির বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

