আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছাত্রভোগ গ্রামের অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে পাগল সেজে মাদক সেবন ও বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ওই যুবক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-দোহার সড়কের জাহানাবাদ এলাকায় পাগল সেজে ঘোরাফেরা করেন। এর আড়ালে তিনি হেরোইন, ইয়াবা ও গাঁজা সেবনের পাশাপাশি এসব মাদক বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।
ইতিপূর্বে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে মাদকসেবী ও মাদক কারবারি হিসেবে স্বীকার করেন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে থাকা থলিতে গাঁজা, ইয়াবা ও হেরোইন পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই মাদকদ্রব্য পুড়িয়ে ফেলা হয়।
ভবিষ্যতে আর মাদক সেবন বা বিক্রি করবেন না—এমন অঙ্গীকার করায় স্থানীয়রা তাকে ছেড়ে দেন। তবে কিছুদিন চুপ থাকার পর ওই যুবক পুনরায় ঢাকা-দোহার সড়কের জাহানাবাদ এলাকায় ঘোরাফেরা শুরু করেছেন বলে স্থানীয়দের দাবি।
সচেতন মহলের অভিমত, ওই যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক নিরাময় বা সংশোধন কেন্দ্রে পাঠানো উচিত। এতে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবেন এবং এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

