ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হামলার শঙ্কায় বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে চিঠি

Link Copied!

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ শহরে দিন-রাত সমানতালে তীব্র লোডশেডিং চলছে। জেলা শহরের বিদ্যুৎ পরিস্থিতি একেবারেই নাজুক। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর গ্রাহকেরা।

এ পরিস্থিতিতে ওজোপাডিকোর কার্যালয় ও উপকেন্দ্রে সাধারণ গ্রাহকদের হামলার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ কারণে দপ্তরে যেকোনো ধরনের হামলা ও নাশকতা ঠেকানো এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গোপালগঞ্জ ওজোপাডিকো পাওয়ার হাউস, গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত ওজোপাডিকোর দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভার আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বর্তমানে বিদ্যুতের চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং অব্যাহত রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় জাতীয় গ্রিড উপকেন্দ্র থেকে বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আওতাধীন এলাকায় ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।

ফলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণের মাধ্যমে দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি বিবেচনায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে ওজোপাডিকোর গোপালগঞ্জ দপ্তরের সব স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। এ জন্য স্থাপনাগুলোকে নিয়মিত পুলিশ টহল রুটের অন্তর্ভুক্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি বিশেষ নজরদারি রেখে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, “আমরা আমাদের দপ্তরসহ সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে একটি চিঠি পাঠিয়েছি। আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন হওয়ায় শহরে লোডশেডিং হচ্ছে। যেখানে চাহিদা ১৮ মেগাওয়াট, সেখানে আমরা ৯ থেকে ১০ মেগাওয়াট বরাদ্দ পাচ্ছি। ফলে আমাদের ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “এ কারণে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে আমাদের অফিস ও উপকেন্দ্রে হামলা করতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। তাই দপ্তর ও উপকেন্দ্রসহ নিজেদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছি।”

Share with