বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহী:
আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন পৌরসভার সাবেক মেয়র ও সাবেক প্রশাসক মো. নজরুল ইসলাম।
বুধবার বিকেলে আড়ানী বাজারস্থ নিজস্ব কার্যালয়ে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এ সময় তাঁর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রার্থিতা ঘোষণাকালে সাবেক মেয়র মো. নজরুল ইসলাম বলেন, “আড়ানী পৌরবাসী আমাকে একবার মেয়র এবং একবার প্রশাসক হিসেবে সেবা করার সুযোগ দিয়েছে। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আবারও আড়ানীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমার প্রথম অগ্রাধিকার থাকবে পৌর এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা এবং সব এলাকায় সড়কবাতির আধুনিকায়ন। পাশাপাশি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তুলতে কাজ করব।”
জানা যায়, মো. নজরুল ইসলাম ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আড়ানী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রার্থিতা ঘোষণার পর তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে, তাঁর প্রার্থিতা ঘোষণার বিষয়টি আড়ানী পৌর এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাবেক মেয়রের প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে আড়ানী পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আরও বেড়েছে। ফলে নির্বাচন কমিশন থেকে এখনো তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী মাঠ ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে।


