এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার:
রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহতরা হলেন পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫)। তারা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে পিকআপটি মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।
নিহত মেঘরানী চাকমা ও শোভা চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায়। শান্তনা চাকমা রাঙ্গামাটি শহরের আমানতবাগ এবং শান্তি রঞ্জন চাকমা বিজয়নগর এলাকার বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৯টার দিকে রাঙ্গামাটি-সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। একই সঙ্গে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটির দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করে দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাপ্রবণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সড়ক সংস্কার ও নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চালক ও যাত্রীদের সড়কে চলাচলের সময় আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

