সাদ্দাম হোসেন সাজ্জাদ :
চট্টগ্রামের হালিশহরে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ফিশিং বোটে তোলার সময় ১১ হাজার কেজি (১১ টন) রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম। অভিযানের সময় একটি ট্রাক থেকে ফিশিং বোটে অবৈধভাবে সার স্থানান্তরের বিষয়টি কোস্ট গার্ডের সদস্যদের নজরে আসে।
পরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। জব্দকৃত সারের পরিমাণ ১১ হাজার কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, ট্রাক ও আটক তিন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


