সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণ ও ইকরাম (৪০) হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. মুবিন (২৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুবিন কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যাকাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১৫ জানায়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানার আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় মুবিন এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেলক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুবিনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

