ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পালংখালী সীমান্তে ২০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উপস্থিতি টের পেয়ে এক পাচারকারী ইয়াবাভর্তি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকার রুবেলের ঘের নামক স্থানে অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা একটি পলিব্যাগ রুবেলের ঘেরের পাশে ফেলে পাশের গ্রামের দিকে দ্রুত পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই পলিব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী একটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেটটি খুলে গণনা করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবি আরও জানায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিস্তারিত তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহ ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।