মো. হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ইস্কাফ (ESkuf) সিরাপসহ মো. হাবিবুল্লাহ ওরফে হাবিব (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. বকুল হোসেন (২৭) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ রনির নেতৃত্বে পুলিশের একটি দল ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে হাবিবুল্লাহ ও বকুল হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় বকুল হোসেন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আটক হাবিবুল্লাহর বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার কোটচাঁদপুর (মাছুয়াখাল) এলাকায়। অন্যদিকে পলাতক বকুল হোসেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা।
এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হাবিবুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পলাতক আসামি বকুল হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাণীশংকৈল উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।

