বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন আয়োজন বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে। এবারের মেলায় ২০টিরও বেশি দেশের পর্যটন খাতের প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন টোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২০০টিরও বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০ জনের বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি আন্তর্জাতিক ও স্থানীয় বায়ার, আড়াই হাজারের বেশি ট্রেড ভিজিটর এবং ৬০ হাজারেরও বেশি দর্শনার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।
ইতোমধ্যে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা মেলায় উপস্থিতি নিশ্চিত করেছে। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকেও পর্যটন খাতের প্রতিনিধিদের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।
এছাড়া প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে থাকবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে থাকবে কনভয় সার্ভিস।
১৩ বারেরও বেশি সফল আয়োজনের ধারাবাহিকতায় বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে পর্যটন গন্তব্যের প্রচার, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং দেশি-বিদেশি পর্যটন খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
বিটিটিএফ ২০২৬ বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক পর্যটন বাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে।

