সোহরাব, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের সময় টিপু বিশ্বাস (টিপু) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) হরিণাকুণ্ডু থানার এসআই (নিঃ) শ্যামা প্রসাদ মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় টিপু বিশ্বাসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুর গ্রামের সরোয়ারের ছেলে।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় প্রসিকিউশন নম্বর-৪৬/২৬-এর মাধ্যমে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।
হরিণাকুণ্ডু থানা পুলিশ জানায়, এলাকায় মাদক সেবন ও মাদকের কারবার রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

