শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে মহিলাকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত আসামি আরিফ মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার (২৩ সেপ্টেম্বর) নালিতাবাড়ী থানা পুলিশের এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার নন্নী ইউনিয়নের অভয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১৪ সেপ্টেম্বর একটি বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামে এক মহিলাকে মারধর করা হয়। তাকে লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ভুক্তভোগী লাকি আক্তার বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও আরিফের স্ত্রী উম্মে হানি (২৭) কে আসামি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

