সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর প্রেস রিলিজে জানানো হয়, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ডিউটির সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে টেকনাফ শাপলা চত্বরে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার বসতঘরে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুদ করা হয়েছে।
তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে এসআরবি-১৫-এর আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটিতে থাকা নয়টি প্যাকেট থেকে মোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত মো. ছিদ্দিকের কাছ থেকে একটি সিম্ফোনি বাটন মোবাইল ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।
এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

