ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় ২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় জামালসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম। এর আগে রোববার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি গাড়ির গ্যারেজে অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর বাখরনগর গ্রামের লোকমান মিয়ার ছেলে মারুফ মিয়া (২২), রতনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াছিন মিয়া (২৩) এবং শিবপুর উপজেলার জয়নগর এলাকার জিতেন্দ্র সরকারের ছেলে দীপক সরকার (৪৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার মারুফ মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপরাধের আলামত গোপন এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাতে রায়পুরা থানা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র‍্যাপিড রেসপন্স ফোর্সের (আরআরএফ) সদস্যরা রতনপুর এলাকায় পলাতক জামালের গ্যারেজে যৌথ অভিযান চালান। এ সময় গাঁজাভর্তি ১৪টি বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় মোট ২২৪ কেজি গাঁজা ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

এ ছাড়া অভিযানে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালে তিনজনকে গ্রেপ্তার করা হলেও জামালসহ আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জয় কুমার পাল টিটু বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা করেছেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।