ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পালংখালী সীমান্তের ফাঁড়ির বিল এলাকায় ৬৪ বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আটক জসিম উদ্দিন উখিয়া উপজেলার পূর্ব ফাঁড়ির বিল গ্রামের মো. এমদাদুল হকের ছেলে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ফাঁড়ির বিল এলাকার নারিকেল বাগানসংলগ্ন বেড়িবাঁধে দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে গামছায় মোড়ানো একটি পুঁটলি হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

পরে তাঁকে চ্যালেঞ্জ করা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁর হাতে থাকা পুঁটলি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো দুটি কার্টনে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।

৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে।