সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার তিন আসামি, চুরি মামলার একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।
এ সময় একটি লোহার তৈরি চাপাতি, একটি স্টিলের (এসএস) দামা ও একটি লোহার রড জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই মিনাহজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই আজিজুল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম ও এসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে চার কেজি গাঁজাসহ পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া এলাকার **আব্দুস সাত্তার মৃধা (৪৬)**কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডাকাতি মামলায় দাউদকান্দি পৌরসভার তালতলী মধ্যপাড়া এলাকার ফরহাদ (২৮), দক্ষিণ সতানন্দি এলাকার মো. জাহিদ হাসান (২৭) এবং তুজারভাঙ্গা কেডিসি এলাকার **মো. সোহেল ওরফে হিটলার (২৮)**কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি স্টিলের দামা ও একটি লোহার রড জব্দ করা হয়।
চুরি মামলায় দাউদকান্দির সবজিকান্দি বাঘবাড়ী এলাকার মো. নাঈমুর রহমান (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দুর্গাপুর এলাকার মো. সফিউল বশর (৪০) ও বেলানগর এলাকার মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রয়েছে। অভিযান শেষে তাদের বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

