জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশাচালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে জয়নাল আবেদীনের পরিবারের সদস্যরা রাস্তার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিষয়টি জানতে পেরে বিল্লাল হোসেনসহ তার পরিবারের সদস্যরা প্রতিবন্ধকতা সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দিয়ে বিল্লাল হোসেনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় বিল্লালকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লা টাওয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ৪ আগস্ট রাতে বিল্লাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকা থেকে পুলিশ ও র্যাব-৭-এর যৌথ দল গ্রেপ্তার করে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

