ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকিতে বাজেট ব্যবস্থাপনায় চাপ

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

অর্থনীতি ডেস্ক: বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ এবং কৃষকের কাছে সাশ্রয়ী মূল্যে সার পৌঁছে দিতে গিয়ে সরকারের ভর্তুকি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই তিন খাতের ভর্তুকি মেটাতে বাজেটে সারা বছরের জন্য যে বরাদ্দ রাখা হয়েছিল, অর্থবছরের প্রথম সাড়ে চার মাসেই তার প্রায় ৮৬ শতাংশ ব্যয় হয়ে গেছে। একদিকে উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং অন্যদিকে বাড়তি অর্থের সংস্থান করা নিয়ে সরকারের বাজেট ব্যবস্থাপনা বর্তমানে বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের সংকটের দ্রুত সমাধান না হলে জ্বালানি, বিদ্যুৎ ও কৃষিসহ বিভিন্ন খাতের এই বাড়তি চাহিদা বাজেট ব্যবস্থাপনাকে আরও বেশি সংকটে ফেলতে পারে।

চলতি অর্থবছরের ১৫ নভেম্বর পর্যন্ত প্রথম সাড়ে চার মাসেই বিদ্যুৎ, এলএনজি ও কৃষি খাতে ভর্তুকি বাবদ প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। অথচ এসব খাতে বাজেটে প্রাথমিক বরাদ্দ ছিল ৬০ হাজার ৫০০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের কড়াকড়ি সত্ত্বেও অর্থবছরের সাড়ে সাত মাস বাকি থাকতেই বরাদ্দের ৮5 দশমিক ৬ শতাংশ অর্থ ছাড় করতে বাধ্য হওয়ায় কর্মকর্তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে জ্বালানি আমদানিতে, যেখানে এলএনজি কিনতে বাজেটে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও ইতোমধ্যে ১৯ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যয় হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহের অনিশ্চয়তার কারণে সরকারকে চড়া দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে।

জ্বালানির পাশাপাশি বিদ্যুৎ খাতেও বাজেটের বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি রয়েছে। চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দের বিপরীতে সাড়ে চার মাসেই ২০ হাজার ১০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে সরকারনির্ধারিত কম দামে বিতরণ কোম্পানির কাছে বিক্রি করায় এই ব্যবধান তৈরি হয়। এছাড়া কৃষি উৎপাদন সচল রাখতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে প্রথম সাড়ে চার মাসেই ১২ হাজার ৪০০ কোটি টাকা ছাড় হয়েছে। দেশে রাসায়নিক সারের চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন সক্ষমতা কম থাকায় বিদেশ থেকে প্রচুর পরিমাণে সার আমদানি করতে হয়, যা সরকারের ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

ভর্তুকির এই লাগামহীন চাহিদা সামলাতে সরকার কিছু ক্ষেত্রে কঠোর হলেও সব খাতে ব্যয় কমানোর সুযোগ সীমিত রয়েছে। পেট্রোলিয়ামজাত পণ্যের দাম কিছুটা বাড়িয়ে ভর্তুকির চাপ কমানোর চেষ্টা করা হলেও বিদ্যুৎ, গ্যাস ও কৃষিতে সহায়তা কমালে উৎপাদন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের সীমিত আয় এবং বাড়তি ব্যয় মেটাতে শেষ পর্যন্ত সংশোধিত বাজেটে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হতে পারে। এর ফলে রাজস্ব আয়, সরকারি ঋণ ও উন্নয়ন ব্যয় প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৈশ্বিক পরিস্থিতি ও মুদ্রাবিনিময় হারের পরিবর্তনের কারণে জনস্বার্থ ও ব্যয়ের অগ্রাধিকার বিবেচনায় রেখে শেষ পর্যন্ত অতিরিক্ত অর্থের চাহিদা বিভিন্ন মন্ত্রণালয়ের অনুকূলে সমন্বয় করতে হবে।