রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে সারের অবৈধ মজুত ও লুটপাট রোধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২ হাজার ৩৪০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিসিআইসি লাইসেন্সধারী ডিলার নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিলে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপি সারসহ মোট ১ হাজার ৮৯০ বস্তা সার জব্দ করা হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনতা অটো রাইস মিলের ম্যানেজার কাজী ফয়সালকে ৩ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এর দুই দিন আগে একই উপজেলার বহুল আলোচিত সার চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ ওঠা কবিরাজহাটের বিএডিসি নিবন্ধিত ডিলার সোহাগ ও দুলালের গোডাউনে অভিযান পরিচালনা করে ৪৫০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ সময় ৩০ হাজার টাকা জরিমানা এবং ‘জনি’ নামে এক কর্মচারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন।
উভয় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

