মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুচকা, আড়াই কেজি জিরা, দেড় কেজি কিশমিশ, ৩ প্যাকেট সনপাপড়ি ও ১৭৯টি কসমেটিকস সামগ্রী। এসব মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

