ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. রাজনীতি
  9. লাইফ স্টাইল
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে অভিভাবকদের অসতর্কতায় শিশুদের দুর্ঘটনার শঙ্কা

অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিভাবকদের অসতর্কতার কারণে জলাশয়কে কেন্দ্র করে শিশুদের বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাশয়ে শিশুদের খেলাধুলা ও গোসল করতে দেখা যাচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) ২০২৬ বিকেল ৫টার দিকে উপজেলার মধ্য বাঘড়া এলাকায় নুরুল ইসলাম কমান্ডারের বাড়ির উত্তর পাশে একটি জলাশয়ের কাছে দুই শিশু হুজাইফা ও হাসানকে ফুটবল ও সাইকেল নিয়ে খেলাধুলা করতে দেখা যায়। এ সময় তাদের সঙ্গে কোনো অভিভাবক উপস্থিত ছিলেন না।

শিশু দুজন জানায়, তারা খেলতে এসেছে এবং তারা কেউই সাঁতার জানে না। জলাশয়ের একেবারে পাশে সাইকেল নিয়ে খেলাধুলা করায় যে কোনো সময় অসাবধানতাবশত পানিতে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট জাহানাবাদ গ্রামে নানার বাড়ির পুকুরে ডুবে বাঁধন নামে এক কিশোরের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ও মুষলধারে বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে অস্থায়ী জলাশয়ের সৃষ্টি হয়েছে। এসব জলাশয়ে সুযোগ পেলেই শিশুরা গোসল ও খেলাধুলা করতে যায়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

সচেতন মহলের মতে, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এবং কার সঙ্গে খেলছে—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা জরুরি। বিশেষ করে শিশুরা জলাশয়ের আশপাশে গেলে তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

সামান্য অসতর্কতা ও একটুখানি ভুলের কারণেই ঘটতে পারে অপূরণীয় ক্ষতি। তাই শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের সর্বোচ্চ সচেতনতা ও সতর্কতা প্রয়োজন।