ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইর টিটিসি থেকে ৩৪ কম্পিউটার ও ২ ল্যাপটপ চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে ৩৪টি কম্পিউটার ও দুটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার আওতায় থাকা এবং দুজন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকার পরও কক্ষের তালা ভেঙে বিপুলসংখ্যক কম্পিউটার ও ল্যাপটপের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। বুধবার (১৮ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে প্রশিক্ষণ কেন্দ্রজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজেরা খাতুন জানান, দুর্বৃত্তরা কক্ষের তালা ভেঙে দুটি ল্যাপটপ ও ৩৪টি কম্পিউটার খুলে প্রসেসর, হার্ডডিস্কসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ নিয়ে যায়। চুরি হওয়া কম্পিউটারগুলো বিদেশি ব্র্যান্ড এইচপির অল-ইন-ওয়ান মডেলের। প্রতিটি কম্পিউটারের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। সে হিসাবে শুধু ৩৪টি কম্পিউটারের আনুমানিক মূল্যই ৩৪ লাখ টাকা। এর সঙ্গে দুটি ল্যাপটপ ও চুরি হওয়া যন্ত্রাংশের মূল্য যুক্ত হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, পুরো প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। ঘটনার সময় প্রতিষ্ঠানে দুজন নিরাপত্তাকর্মীও দায়িত্বে ছিলেন। এরপরও কীভাবে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে প্রবেশ করে কক্ষের তালা ভেঙে এত বিপুলসংখ্যক কম্পিউটার ও ল্যাপটপের যন্ত্রাংশ নিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—সিসিটিভি ক্যামেরায় চোরদের গতিবিধি শনাক্ত করা গেছে কি না, দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা ঘটনার সময় কোথায় ছিলেন, নিরাপত্তাকর্মীদের নজরদারিতে কোনো ঘাটতি ছিল কি না এবং এতগুলো কম্পিউটার ও যন্ত্রাংশ কীভাবে প্রতিষ্ঠান থেকে সরিয়ে নেওয়া হলো?

সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজেরা খাতুন বলেন, চুরির বিষয়টি জানার পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চুরির খবর পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের পাশাপাশি প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি উঠেছে।