মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও আমেরিকা প্রবাসী হাজী মোহাম্মদ লাভলু মিয়ার সমর্থনে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নিজ এলাকায় সমর্থকদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় নুরজুল হক পারমানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জিন্নাতুল ইসলাম, মাইনুল, জহিরুল ইসলাম ও ওমর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়তে হলে শিক্ষিত, যোগ্য ও সৎ নেতৃত্বের প্রয়োজন। আমেরিকা প্রবাসী লাভলু মিয়া দীর্ঘদিন প্রবাসে থাকলেও এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন। আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ লাভলু মিয়া বলেন, “আমি প্রবাসে থাকলেও আমার মন ও প্রাণ সবসময় এই মাটি ও মানুষের সঙ্গে মিশে আছে। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে কৃষ্ণপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আমি শাসক হতে আসিনি, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। প্রতিটি ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করা এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
সভা শেষে এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

