চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) আটক করা হয়েছে।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের ইচলি চৌরাস্তা এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের সন্তান। তিনি এই ইউনিয়ন থেকে টানা দুই মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
এই আটকের বিষয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গণমাধ্যমকে জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের বেআইনি কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

