ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ

ঝালকাঠি মেয়র পদে আক্কাস সিকদারের প্রস্তুতি

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!



এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি:

আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। দীর্ঘ সাংবাদিকতা, আইন পেশা এবং সাংবাদিক সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় এসেছে তাঁর নাম।

শিক্ষাজীবনে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার ঝালকাঠি ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আক্কাস সিকদার। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি দৈনিক আজকের বার্তা, ভোরের ডাক, দৈনিক জনতা, ভোরের কাগজ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বৈশাখী টেলিভিশন, সিএসবি নিউজ, দেশ টিভি, প্রথম আলো, ইনডিপেনডেন্ট টেলিভিশন, একাত্তর টিভি, দীপ্ত টিভি, যুগান্তর ও চ্যানেল ২৪সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন বলে প্রকাশিত তথ্যে জানা যায়।

বর্তমানে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এবং ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সালে ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য হওয়ার পর সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে চারবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৫ সালের নির্বাচনে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন।

সাংবাদিকতা জীবনে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় আসেন আক্কাস সিকদার। ২০১১ সালে রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেন র‌্যাবের গুলিতে আহত হয়ে পা হারানোর ঘটনা নিয়ে প্রথম আলোতে ধারাবাহিক প্রতিবেদন করেন এবং পরবর্তীতে লিমনের আইনি লড়াইয়েও যুক্ত হন বলে প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।

সাংবাদিকতায় অবদানের জন্য ২০১১ সালে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব পুরস্কার, ২০১৭ সালে সূর্যালোক ট্রাস্ট পুরস্কার এবং ২০২১ সালে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ করেছেন বলেও জানা গেছে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও নেতাদের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি রাজনৈতিকভাবে রোষানলে পড়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠজনদের দাবি। ২০২১ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল বলেও প্রকাশিত তথ্যে উল্লেখ রয়েছে।

২০১০ সালে সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় যুক্ত হন আক্কাস সিকদার। বর্তমানে তিনি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষে বিভিন্ন মামলা পরিচালনা করছেন।

মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার বলেন, “ইনশাআল্লাহ, ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার বিষয়ে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। জনগণের আগ্রহকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব। তবে সাধারণ মানুষ চাঁদাবাজ, মাদকসেবী বা সন্ত্রাসীকে মেয়র হিসেবে দেখতে চায় না।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই আগামী দিনের সিদ্ধান্ত নেওয়া হবে।