মোঃ আবদুল্লাহ (আল-মামুন), কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. মিজানুল হক। এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ এনামুল হক। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এম মোবারক আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মতলব, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. নূরুল আবছার, সাবেক সিনিয়র সহসভাপতি মাওলানা কবির আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি রহিম উল্লাহ (রহিম মেম্বার), স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাগর এবং ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান তানভীরসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাদের মধ্য থেকে যোগ্য, জনপ্রিয় এবং কর্মীবান্ধব নেতৃত্ব নির্বাচনের বিষয়েও গুরুত্ব দেন তারা।
এদিকে, কাউন্সিলকে ঘিরে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থী নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
সংশ্লিষ্ট নেতাকর্মীদের মতে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর অংশগ্রহণ এবং তৃণমূলের সক্রিয় উপস্থিতি বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নির্বাচনে নেতাকর্মীদের আগ্রহের প্রতিফলন।

